ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬

উত্তরা সেক্টর-৪-এ শর্তসাপেক্ষে হবে শুটিং

উত্তরা চার নম্বর সেক্টরে বাড়িভিত্তিক শুটিং কার্যক্রম চালু রাখতে সমঝোতায় পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। উত্তরা কল্যাণ সমিতির নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর আপত্তির মুখে শর্তসাপেক্ষে শুটিং চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শনিবার (২৬ জুলাই) উত্তরা সেক্টর-৪ এর কল্যাণ সমিতির সদস্য, হাউস মালিক অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিপ্যাবসহ ছোট পর্দার সব সংগঠনের নেতাদের মধ্যে আলোচনায় এ সমঝোতা হয়।শুটিং হাউজ ‘লাবণী-৪’-এর মালিক আসলাম হোসেন জানান, “আমাদের কিছু শর্ত দেওয়া হয়েছে—লিখিত শর্তগুলো এখনও হাতে পাইনি। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শুটিংয়ের সময় নির্ধারণ। রাত ১১টার পর কোনো শুটিং করা যাবে না। পাশাপাশি রাস্তায় বা আউটডোরে শুটিং করলে জনভোগান্তির বিষয়টি গুরুত্ব দিতে হবে।”


তিনি আরও জানান, “ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) একটি নীতিমালা তৈরি করে কল্যাণ সমিতিতে জমা দেবে।”


এর আগে, গত ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতির এক চিঠিতে বলা হয়, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং পরিচালনা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এতে যানজট, নিরাপত্তাহীনতা ও শব্দদূষণের অভিযোগ ওঠে।


তবে হঠাৎ করে শুটিং নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্মাতারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বর্তমানে সেক্টর-৪-এ লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২ নামে তিনটি শুটিং হাউজ রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page